জুবায়েরপন্থিদের জোড় ও বিশ্ব ইজতেমা স্থগিতের নির্দেশ
- আপডেট সময় ০১:১৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / 186
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের জুবায়েরপন্থিদের প্রস্তাবিত ‘খুরুজের জোড়’ ও আসন্ন বিশ্ব ইজতেমা আয়োজন না করার নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখার উপসচিব মো. আনোয়ার পারভেজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২ থেকে ৪ জানুয়ারি ‘খুরুজের জোড়’ এবং ২২ থেকে ২৪ জানুয়ারি ‘বিশ্ব ইজতেমা-২০২৬’ আয়োজনের জন্য সংশ্লিষ্ট পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত সময়সূচিতে ওই মাঠে কোনো ধরনের সমাবেশ আয়োজন না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, নির্বাচন-পূর্ব সময়ে টঙ্গী ইজতেমা ময়দানে ‘খুরুজের জোড়’, ‘বিশ্ব ইজতেমা-২০২৬’সহ যে কোনো ধরনের বড় সমাবেশ বা ধর্মীয় অনুষ্ঠান থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।























