হোয়াটসঅ্যাপে HD কোয়ালিটির ছবি পাঠাবেন যেভাবে
- আপডেট সময় ১২:০০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / 21
হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর পর অনেক সময় সেটির মান কমে যায়, যা স্মার্টফোন ব্যবহারকারীদের অন্যতম সাধারণ সমস্যা। তবে কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করলে ছবির গুণগত মান অক্ষুণ্ন রেখে সহজেই অন্যের কাছে পাঠানো সম্ভব। বিশেষ করে ডকুমেন্ট অপশন বা এইচডি ফিচার ব্যবহার করলে ছবির স্বচ্ছতা অনেকটাই বজায় থাকে।
ছবি আদান-প্রদানের জন্য সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো সেটিকে ডকুমেন্ট হিসেবে পাঠানো। সাধারণভাবে গ্যালারি থেকে ছবি পাঠালে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে সেটিকে কম্প্রেস করে, যাতে ডেটা কম ব্যবহার হয় এবং দ্রুত আপলোড ও ডাউনলোড করা যায়। কিন্তু ডকুমেন্ট হিসেবে পাঠালে ছবির ফাইল কম্প্রেস করা হয় না। ফলে ছবির মূল গুণগত মান অক্ষুণ্ন থাকে।
এই পদ্ধতিতে ছবি পাঠাতে হলে প্রথমে হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট চ্যাটে প্রবেশ করতে হবে। এরপর অ্যাটাচমেন্ট বা প্লাস আইকনে ট্যাপ করে ‘ডকুমেন্ট’ অপশন নির্বাচন করতে হবে। তারপর গ্যালারি বা ব্রাউজ থেকে পছন্দের ছবিটি নির্বাচন করে পাঠিয়ে দিলেই সেটি মূল মানেই প্রাপকের কাছে পৌঁছাবে।
অন্যদিকে, সম্পূর্ণ অরিজিনাল ফাইল পাঠানোর প্রয়োজন না থাকলেও উন্নত মানের ছবি পাঠাতে চাইলে হোয়াটসঅ্যাপের ‘HD’ ফিচার ব্যবহার করা যেতে পারে। এ ক্ষেত্রে ছবি নির্বাচন করার পর উপরে থাকা ‘HD’ আইকনে ট্যাপ করে এইচডি কোয়ালিটি নির্বাচন করতে হবে। এতে সাধারণভাবে পাঠানো ছবির তুলনায় অনেক বেশি স্বচ্ছ ও উন্নত মানের ছবি পাঠানো সম্ভব।
তবে অরিজিনাল বা এইচডি মানের ছবি পাঠানোর ক্ষেত্রে ফাইলের আকার তুলনামূলক বড় হয়। তাই ফোনে পর্যাপ্ত স্টোরেজ থাকা প্রয়োজন। এছাড়া মোবাইল ডেটা সীমিত থাকলে বড় আকারের ছবি আদান-প্রদানের জন্য ওয়াই-ফাই ব্যবহার করা সুবিধাজনক। একই সঙ্গে হোয়াটসঅ্যাপের অটো-ডাউনলোড সেটিংস প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করে রাখলে স্টোরেজ ও ইন্টারনেট—দুই ক্ষেত্রেই সাশ্রয় করা সম্ভব।


























