জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- আপডেট সময় ১১:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- / 8
জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরও এক শিশু।
নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। এছাড়াও এই ঘটনায় আহত হয়ে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে শান্তি নামের এক শিশু।
নিহত শিশুরা হলো- দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার দশ বছর বয়সি সন্তান মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সি ছেলে আব্দুল মোতালেব, তার ১২ বছর বয়সি খাদিজা ও বেলতলি এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)।
স্থানীয়রা জানান- ঈদকে কেন্দ্র ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতুর উপর ভিড় করে স্থানীয়রা। অতিরিক্ত চাপের কারণে ভেঙে যায় ভাসমান সেতুটি। এতে ব্রহ্মপুত্র নদে পড়ে যায় অনেকে। একে একে সবাই সাঁতার কেটে তীরে উঠলেও নিখোঁজ থাকে কয়েকজন শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। এসময় স্থানীয়দের সহায়তায় ৪ শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বাকিদের উদ্ধারে চলমান রয়েছে অভিযান।
ঈদের এই খুশির মধ্যে চার শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেওয়ানগঞ্জে।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ বলেন, এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন আহত চিকিৎসাধীন রয়েছে। আমাদের উদ্ধার অভিযান চলছে।




















