নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি
- আপডেট সময় ০৮:৫৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 45
নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে লিগ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালের ফিরতি লেগে ৩-১ গোলের জয় নিয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা মঞ্চ নিশ্চিত করেছে পেপ গুয়ার্দিওলার দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্সেনাল।
বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য দেখিয়ে তিনবার বল জালে পাঠায় সিটি। দলের জয়ে বড় ভূমিকা রাখেন ওমার মার্মাউশ, যিনি জোড়া গোল করেন।
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় সিটি। বাম দিক দিয়ে আক্রমণে উঠে মার্মাউশ গোলরক্ষককে ফাঁকি দিয়ে নিখুঁত শটে গোল করেন। ২৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি, ডিফেন্ডারদের ব্যর্থ ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে হেডে বল জালে পাঠান মিশরীয় ফরোয়ার্ড।
এর তিন মিনিট পর ব্যবধান আরও বাড়ান টিজানি রেইন্ডার্স। বক্সের ভেতর থেকে নিচু শটে গোল করে স্কোরলাইন ৩-০ করেন ডাচ মিডফিল্ডার। দুই লেগ মিলিয়ে তখন ৫-০ গোলে এগিয়ে যায় সিটি।
বিরতির পর কিছুটা গুছিয়ে খেলতে থাকে নিউক্যাসল। ৬২তম মিনিটে অ্যান্থনি এলাঙ্গা দারুণ ব্যক্তিগত নৈপুণ্যে একটি গোল শোধ দেন। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান কমাতে পারেনি সফরকারীরা।
ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামা আর্লিং হলান্ড গোলের সুযোগ পেলেও নিউক্যাসল গোলরক্ষকের দৃঢ়তায় গোল পাওয়া হয়নি তার।
২০২১ সালের পর এই প্রথম লিগ কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। আগামী ২২ মার্চ ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে আর্সেনালের মুখোমুখি হবে গুয়ার্দিওলার দল।






















