নির্বাচনকে সামনে রেখে ১৭ জেলায় ৩৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
- আপডেট সময় ১০:২১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 131
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে দেশের ১৭টি জেলার ৫৬টি উপজেলায় ৯২টি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা রক্ষায় ৩৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন থাকবে।
এ উপলক্ষে সোমবার বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর উদ্যোগে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উদ্দেশে নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরাইল রিজিয়নের অধীন সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহ সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এ দায়িত্ব পালন করবেন। নির্বাচন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনী দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর, স্বতঃস্ফূর্ত ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে লক্ষ্যে টহল তৎপরতা বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং পর্যাপ্ত জনবল মোতায়েনের মাধ্যমে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়াও ৫২ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় চারটি উপজেলায় চারটি বেইজ ক্যাম্প স্থাপন এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহে প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্ট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নির্বাচনকালীন দায়িত্ব পালনের লক্ষ্যে বিজিবি সদস্যরা ২১ সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। পাশাপাশি ভোটকেন্দ্রে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য চার সপ্তাহব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণও গ্রহণ করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে সাংবাদিকদের মাধ্যমে দেশের সর্বস্তরের জনগণকে আশ্বস্ত করে বলা হয়, সাধারণ জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়ে বিজিবি সর্বদা সচেষ্ট থাকবে। একই সঙ্গে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যেকোনো ধরনের নির্বাচনী অপরাধ প্রতিহত করতে তথ্য প্রদান ও সহযোগিতার জন্য জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী দল, গোষ্ঠী কিংবা অসাধু চক্র যাতে সক্রিয় হতে না পারে এবং সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্রের অনপ্রবেশ প্রতিরোধের লক্ষ্যে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে। তিনি আরও বলেন, বিজিবি অর্পিত দায়িত্ব পালনে সর্বদা অবিচল থাকবে, ইনশাআল্লাহ।



















