ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪২২, দায়ের ৮৯ মামলা
- আপডেট সময় ০৫:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 23
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৮৯টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪৪ জন, লালবাগ বিভাগ থেকে ১৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৮২ জন, মিরপুর বিভাগ থেকে ৯৬ জন, গুলশান বিভাগ থেকে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপির তথ্যমতে, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪ পিস ইয়াবা এবং ৫৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি শর্টগান, একটি ছুরি, একটি রড, একটি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, একটি ল্যাপটপ, একটি এসএসডি, ১৫টি মোবাইল ফোন, ১৬০টি সিম কার্ড, একটি প্রাইভেটকার, একটি ট্রাক, একটি স্কুলব্যাগ এবং নগদ ২ হাজার ৮৮০ টাকা জব্দ করা হয়েছে।
নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা এসব ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।3
























