নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর: গ্রেপ্তার এমপির জামাতা
- আপডেট সময় ১০:৩০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 33
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউ গিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুরের জামাতা। নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার মিজানুর মামলাটির এজাহারভুক্ত ৯ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর পশ্চিম মাটিকাটায় নিজের বাসা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ডিবির গুলশান বিভাগের উপকমিশনার এ এফ এম আনোয়ার হোসেন খান গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবির এই কর্মকর্তা জানান, মিজানুরকে গ্রেপ্তারের সময় সংসদ সদস্য আব্দুল গফুরও বাসায় উপস্থিত ছিলেন। তবে মিজানুরের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মিজানুরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে নিউ গিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় করা মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজনকে ডিবি এবং পাঁচজনকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে শনিবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় প্রকল্প এলাকায় থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা ও ভাঙচুর করা হয়।
ঘটনার পর নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষ হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।























