ফতুল্লায় ফের ভয়াবহ বিস্ফোরণ: বাবা ও তিন ছেলেসহ একই পরিবারের ৪ জন দগ্ধ
- আপডেট সময় ০১:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / 86
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে শিবু মার্কেট সংলগ্ন কুতুবপুরের রাখিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসলাইনের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাস অথবা ফ্রিজের কম্প্রেসার থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে।
দগ্ধরা হলেন—আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)। তাদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ভোরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা ও জানালা ছিটকে পড়ে যায়। দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে এলে স্থানীয়রা তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, দগ্ধদের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে।
এছাড়া মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকরা আরও উল্লেখ করেছেন যে, মেহেদী ও রাকিবের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের শারীরিক অবস্থা নিয়ে বিশেষ উদ্বেগ রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল কাদেরের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। তিনি জীবিকার তাগিদে সপরিবারে ফতুল্লায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন। তার ছেলেরা ক্ষুদ্র ব্যবসা ও কলকারখানায় কাজ করতেন। দুর্ঘটনার সময় বাবা ও তিন ছেলে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তবে আব্দুল কাদেরের স্ত্রী রান্নার প্রস্তুতির জন্য ঘরের বাইরে পানি আনতে যাওয়ায় তিনি অলৌকিকভাবে অক্ষত রয়েছেন।
উল্লেখ্য, ফতুল্লা এলাকায় গ্যাস লিকেজ জনিত দুর্ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর মাত্র এক দিন আগে, গত রোববারও একই এলাকার একটি বাসায় গ্যাস বিস্ফোরণে এক পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছিলেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরপর এমন দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।





















