সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭
- আপডেট সময় ০৭:৩৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 18
রাঙামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি (জিপ) উল্টে সাত পর্যটক আহত হয়েছেন।
রবিবার সকালে সাজেক পর্যটক সড়কের শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- মো. আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার (৪৫), মো. আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও মোসা. আশা (১৩)। তারা সবাই মানিকগঞ্জের সিংগাইর থানার বাসিন্দা।
বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে অবস্থান শেষে রবিবার সকালে একদল পর্যটক চাঁদের গাড়ি (জিপে) করে খাগড়াছড়ির উদ্দেশে ফিরছিলেন। পথে শিজকছড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে চাঁদের গাড়ি (জিপটি) উল্টে গিয়ে সাত পর্যটক আহত হন। তাদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে এবং আরেকজনের হাত ভেঙে গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার পরে সেনাবাহিনীর সহযোগিতায় আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয় ।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে শিজকছড়া এলাকায় পর্যটকবাহী গাড়ি উল্টে সাতজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

























