ছুটি শেষে সৌদিতে ফিরেই প্রাণ গেল সাহেদের
- আপডেট সময় ১১:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 27
সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার প্রবাসী মো. সাহেদ আহম্মেদ। এক মাসের ছুটি কাটিয়ে সৌদি আরবে ফেরার পরদিনই তাঁর মৃত্যুর খবর আসে। এ ঘটনায় আরও এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
রোববার (১১ অক্টোবর) রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাহেদের মৃত্যুর বিষয়টি তাঁর পরিবারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান পরিবারের সদস্যদের এ খবর জানান এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
নিহত সাহেদ আহম্মেদের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। পরিবারের সদস্য ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, এক মাসের ছুটি কাটিয়ে গত শুক্রবার রাতে তিনি বাড়ি থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন। শনিবার সকাল ৯টায় তাঁর ফ্লাইট ছিল।
শনিবার বিকেলের দিকে রিয়াদে পৌঁছানোর পর পরিবারের সদস্যদের সঙ্গে সাহেদের শেষ কথা হয়। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি স্বজনেরা। হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা আগে থেকেই উদ্বেগের মধ্যে ছিলেন।
সাহেদের পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর বাবা রফিকুল ইসলাম ২০ বছরের বেশি সময় ধরে সৌদি আরবে বসবাস করছেন। তাঁর মা সাহেরা বেগমও তিন মাস আগে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যান।
সাহেদের দুটি সন্তান রয়েছে। বড় ছেলে কাওছার আহমেদ জিসানের বয়স ১১ বছর এবং ছোট ছেলে আব্দুল্লাহ আল জিহাদের বয়স ৬ বছর।
এর আগে সাহেদের চাচা লুৎফর রহমান জানিয়েছিলেন, পরিবারের কেউ তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর বিষয়ে নিশ্চিত তথ্য জানতে পারেননি। সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকেও প্রাথমিকভাবে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে তিনি জানান।
এদিকে রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শনিবার বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই হামলা ও বিস্ফোরণের ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তাঁদের একজন বগুড়ার সাহেদ আহম্মেদ।

























