মেসির দুর্দান্ত ফ্রি কিকও বাঁচাতে পারল না মায়ামিকে
- আপডেট সময় ১০:১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 36
অসম্ভব এক কোণ থেকে নেওয়া ফ্রি কিকে দুর্দান্ত গোল করেও ইন্টার মায়ামিকে হার থেকে বাঁচাতে পারলেন না লিওনেল মেসি। কলম্বাস ক্রুর বিপক্ষে ইনজুরি টাইমের শেষদিকে গোল হজম করে ২-১ ব্যবধানে হেরেছে মায়ামি।
ম্যাচের ২৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় কলম্বাস। তবে পাঁচ মিনিট পরই মেসির দুর্দান্ত ফ্রি কিকে সমতায় ফেরে মায়ামি।
ডান প্রান্তরেখার কাছ থেকে বাঁকানো শটে নেওয়া মেসির ফ্রি কিক সরাসরি জালে জড়ালে ম্যাচে ফেরে মায়ামি। গোলটি ছিল আর্জেন্টাইন তারকার অসাধারণ ব্যক্তিগত দক্ষতার আরেকটি নিদর্শন।
দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। তবে সেসব সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের নবম মিনিটে জামাল তিয়ারের গোলে জয় নিশ্চিত করে কলম্বাস।
ম্যাচের শেষদিকে সান্তিয়াগো মোরালেস লাল কার্ড দেখায় ১০ জনের দল হয়ে যায় মায়ামি। ফলে শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি তারা।
এই হারে মায়ামির সাম্প্রতিক ফর্মও আরও খারাপ হলো। শেষ ১০ ম্যাচে দলটির জয় মাত্র একটি। ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এমএলএসের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে নেমে গেছে মায়ামি।
























