নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
- আপডেট সময় ১২:০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / 685
হবিগঞ্জের নবীগঞ্জে রুস্তমপুর টোল প্লাজা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতের দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, বুধবার সন্ধ্যায় সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার ১ নম্বর টোল বক্সের কাছে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দু’জন পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ডোলনা গ্রামের আয়ুব আলীর ছেলে মো. জমির হোসেন (৩৫) এবং মহদিরকোনা গ্রামের আবু তাহের মিয়ার ছেলে মো. শামীম মিয়া (২৪)।
তল্লাশির সময় আটককৃতদের ব্যবহৃত সিএনজি অটোরিকশার পিছনের ইঞ্জিনের ডালার ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
























