ফকিরহাটে বাস সংঘর্ষে নারীসহ আহত ১৫
- আপডেট সময় ০৪:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 33
বাগেরহাটের ফকিরহাটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। ঘটনা ঘটেছে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায়।
পুলিশ জানায়, রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বিএম লাইন পরিবহন খুলনার দিকে যাচ্ছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা রূপসী বাস ফকিরহাটে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের কারণে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
আহতরা হলেন: ব্যাংক কর্মকর্তা মানবেন্দ্র নারায়ন সরকার (৪৫), নাছিমা বেগম (৬০), শিল্পী মণ্ডল (৪০), রাজিয়া বেগম (৫০), সোনিয়া আক্তার (৩৫), নিরঞ্জন কুমার দাশ (৫০), হালিমা বেগম (৪২), মিনতী রানী ঢালী (৪০), কপিল রায় (৩৫) সহ মোট ১৫ জন। তাদের মধ্যে ৬ জন নারী ও ৯ জন পুরুষ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. বজলুর রহমান জানান, ফকিরহাট ফায়ার সার্ভিসের দল আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। রূপসী বাসের ব্রেক ফেল হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটতে পারে। বাস দুটোকে সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।





















