বাংলাদেশ থেকে মুরগি ও ডিম আমদানি বন্ধ করল সৌদি আরব
- আপডেট সময় ১১:৩২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 15
জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। দেশটির সরকারি সিদ্ধান্তের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বার্ড ফ্লুর প্রাদুর্ভাব ও বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চল থেকে আংশিক আমদানিতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক স্বাস্থ্য পরিস্থিতি ও মহামারীসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে দেশগুলোর তালিকা নিয়মিত পর্যালোচনা করা হবে। কিছু দেশের ক্ষেত্রে ২০০৪ সাল থেকেই নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ঝুঁকি মূল্যায়ন ও আন্তর্জাতিক প্রতিবেদনের আলোকে নতুন করে কয়েকটি দেশকে তালিকাভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, মিশর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজার, নাইজেরিয়া, ভারত, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, আইভরি কোস্ট ও মন্টেনেগ্রো থেকে মুরগি ও ডিম আমদানি করবে না সৌদি আরব।
এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের নির্দিষ্ট অঙ্গরাজ্য বা শহর থেকে আংশিক আমদানিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
তবে অনুমোদিত স্বাস্থ্য ও নিরাপত্তা মানদণ্ড পূরণ সাপেক্ষে প্রক্রিয়াজাত করা মুরগির মাংস ও সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে এই সাময়িক নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। এসব পণ্যের সঙ্গে সরকারি সনদ থাকতে হবে, যেখানে উল্লেখ থাকবে যে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বার্ড ফ্লু ও নিউক্যাসল রোগের ভাইরাস সম্পূর্ণরূপে নির্মূল করা হয়েছে। পাশাপাশি রপ্তানিকারক দেশের অনুমোদিত স্থাপনা থেকেই উৎপাদিত হতে হবে।
উল্লেখ্য, সৌদি আরব বছরে প্রায় ১০ কোটি ডলারের ডিম আমদানি করে। দেশটি সবচেয়ে বেশি ডিম আমদানি করে ওমান, নেদারল্যান্ডস, জর্ডান, তুরস্ক ও পাকিস্তান থেকে। আর মুরগির মাংসের চাহিদার প্রায় ৭০ শতাংশ নিজস্ব উৎপাদন থেকেই পূরণ করে সৌদি আরব; বাকি অংশের বড় একটি অংশ ব্রাজিল থেকে আমদানি করা হয়।

























