নরসিংদীর শিবপুরে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় ০৩:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
- / 122
নরসিংদীর শিবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রোল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শিবপুর মডেল থানার ডিউটি অফিসার হোসনেয়ারা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিনজনই স্থানীয় বাসিন্দা। তারা হলেন শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২), বদরুদ্দিনের ছেলে আশিক (২২) এবং বাবুল মিয়ার ছেলে অপু (২০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে বান্দারদিয়া পেট্রোল পাম্পের কাছে একটি দ্রুতগামী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইসমাইল জানান, “আমরা রাতেই ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক সেখানে সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। অপরজন অপুকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যান।”
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যরা অসহায় ও শোকে বিহ্বল হয়ে পড়েছেন।
এদিকে, দুর্ঘটনার পর পরই ঘাতক বাসটি পালিয়ে গেলেও পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
সড়কে নিরাপত্তার ঘাটতি ও বেপরোয়া গতির যানবাহনের বিরুদ্ধে প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।















