ড্রেসিংরুমে চিঠি রেখে গেল ইরান, কী ছিল সেই চিঠিতে?
- আপডেট সময় ০৮:৫০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 15
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেও আলোচনায় রয়েছে ইরান। মাঠের লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক ও সামরিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও দলটি ফেয়ার প্লে ও ক্রীড়াসুলভ আচরণের দৃষ্টান্ত স্থাপন করেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ শেষে সিয়াটলের ড্রেসিংরুমে একটি হাতে লেখা আবেগঘন চিঠি রেখে যায় ইরানি ফুটবলাররা।
মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে ইরান। ম্যাচের শেষ মুহূর্তে শোজা খলিলজাদেহের করা একটি গোল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্তে বাতিল হওয়ায় জয় হাতছাড়া হয়। এই ফলাফলে মিশর গ্রুপের রানারআপ হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে। অন্যদিকে ইরানের পরবর্তী পর্বে ওঠার ভাগ্য নির্ভর করছে আলজেরিয়া, ক্রোয়েশিয়া ও কঙ্গোর ম্যাচের ফলাফলের ওপর। একই গ্রুপের অন্য ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে গোল ব্যবধানে শীর্ষস্থান দখল করে বেলজিয়াম।
চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে প্রতিটি ম্যাচ শেষে ইরান দলকে দ্রুত মেক্সিকোর তিজুয়ানায় তাদের অনুশীলন ক্যাম্পে ফিরে যেতে হচ্ছে। মিশরের বিপক্ষে ম্যাচ চলাকালেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলার খবর প্রকাশিত হয়।
এমন পরিস্থিতির মধ্যেও ড্রেসিংরুমে রেখে যাওয়া চিঠিতে ইরানি ফুটবলাররা লেখেন, তাঁদের কাছে ফুটবল শুধু জয়-পরাজয়ের প্রতিযোগিতা নয়, বরং চরিত্র ও মূল্যবোধেরও পরীক্ষা। তাঁরা উল্লেখ করেন, পয়েন্ট অর্জনের নানা উপায় থাকতে পারে, কিন্তু সম্মান ও শ্রদ্ধা কেবল সততা এবং ন্যায্যতার মাধ্যমেই অর্জন করা সম্ভব। পাশাপাশি সিয়াটলের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইরানের সমর্থকদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান। চিঠির শেষাংশে তাঁরা লেখেন, ‘ইরান সবসময় মাথা উঁচু করেই থাকবে।’
এর আগে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পরও লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে একই ধরনের একটি আবেগঘন বার্তা রেখে গিয়েছিল ইরান। সেই চিঠিতে প্রাচীন পারস্য সভ্যতার ঐতিহ্য এবং ইরানের অদম্য চেতনার কথা তুলে ধরা হয়েছিল।























