উন্নয়নকাজে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে, প্রধানমন্ত্রীকে রাষ্ট্রদূত
- আপডেট সময় ০৩:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 51
বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ ছাড়া রোহিঙ্গা সংকটসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
এ সময় ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন উপস্থিত ছিলেন।




















