স্বাস্থ্যখাতের উন্নয়নে যথাযথ পরিকল্পনা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি
- আপডেট সময় ০৭:৫৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 17
স্বাস্থ্যখাতের উন্নয়নে নতুন চিকিৎসক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে দেশের স্বাস্থ্যখাত প্রত্যাশিত পর্যায়ে উন্নীত হতে পারেনি। কতজন চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট প্রয়োজন এবং কী ধরনের অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জাম দরকার—এসব বিষয়ে সমন্বিত পরিকল্পনা থাকা প্রয়োজন।
তিনি জানান, বর্তমান সরকার জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে এ যাবৎকালের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। এই বরাদ্দ কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে তদবিরের সংস্কৃতি বন্ধ করে যোগ্য ব্যক্তিদের উপযুক্ত জায়গায় দায়িত্ব দেওয়ার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। পাশাপাশি চিকিৎসকদের গবেষণায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর যথাযথ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করার কথাও বলেন তিনি।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত শাসনামলে আহত নেতাকর্মীসহ নিজের চিকিৎসায় চিকিৎসকদের সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি।
সাক্ষাতে ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার দায়িত্ব পালনরত চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি এসব ঘটনা বন্ধে সরকারের সহযোগিতা কামনা করেন।
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে স্বাস্থ্যখাতের নীতি প্রণয়ন ও বাস্তবায়নের আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















