কবে নাগাদ স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ জানালেন রিজভী
- আপডেট সময় ০৪:৪১:২৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 19
দেশে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ করে শিল্পকারখানায় পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৩০০ ফিট এলাকায় গাছের চারা রোপণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান জ্বালানি সংকট কেবল সরকারের কারণে সৃষ্টি হয়নি; এর পেছনে বৈশ্বিক বিভিন্ন কারণ রয়েছে। তবে সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, ‘আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানাগুলোর জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা সম্ভব হবে।’ এতে শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে চলমান সংকটও ধীরে ধীরে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এলএনজি আমদানির প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য সরকার ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।’ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে বলেও জানান তিনি।
এ সময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন রিজভী। একই সঙ্গে দেশের নদী, খাল ও বিলগুলো দূষণমুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।


















