দুই দেশের স্বার্থেই ভারত সফর করবেন তারেক রহমান
- আপডেট সময় ০২:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 6
দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (২ সেপ্টেম্বর) স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে। দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে আলোচনা অব্যাহত থাকবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
স্পিকার ও ডেপুটি স্পিকারের ভারত সফর প্রসঙ্গে ভারতের হাইকমিশনার জানান, তাদের ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি বলেন, বর্তমান স্পিকার অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ। পাশাপাশি তিনি একজন ভালো ফুটবলারও।
সাক্ষাতে দুই দেশের সংসদ কীভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও কীভাবে উন্নত করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।
ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। আর এটাই গণতন্ত্রের অংশ।





















