পররাষ্ট্রমন্ত্রী লম্বা সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্র, দায়িত্বে থাকবেন কে
- আপডেট সময় ০৩:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 12
দুই মাসের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সেখানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট) রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন পররাষ্ট্রমন্ত্রী।
আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে। ২২ সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের বক্তব্যের মাধ্যমে মূল আলোচনা শুরু হবে।
গত ২ জুন জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের ভোটে ড. খলিলুর রহমান ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।
দুই মাস মন্ত্রণালয়ের দায়িত্বে কে?
পররাষ্ট্রমন্ত্রী দুই মাস দেশের বাইরে থাকায় তার কাজের দেখভাল করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে বলা হয়েছে, নিজের দায়িত্বের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে তার সব কাজেও সহায়তা করবেন হুমায়ুন কবির।
মন্ত্রণালয়ের কাজ যাতে স্বাভাবিকভাবে চলতে পারে এবং দেশের পররাষ্ট্রনীতিতে কোনো সমস্যা না হয়, সে জন্যই তাকে এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ২১ আগস্ট মন্ত্রিসভায় রদবদলের সময় হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়। একই সঙ্গে শামা ওবায়েদ ইসলামও প্রতিমন্ত্রী পদে বহাল থাকেন।
এরপর ২৩ আগস্ট এক পরিপত্রে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
দেশের ইতিহাসে এই প্রথম একটি মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন।





















