তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে: তথ্যমন্ত্রী
- আপডেট সময় ০৬:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 20
তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করতে দেশের প্রতিটি বিভাগে সাততলা বিশিষ্ট আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, পর্যায়ক্রমে এ সুবিধা জেলা ও উপজেলা পর্যায়েও সম্প্রসারণ করা হবে। ইতোমধ্যে ২৬টি জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী-কাশিপুর এলাকায় বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্দেশ্য শুধু আধুনিক ভবন তৈরি করা নয়। এর মাধ্যমে জনগণকে আধুনিক প্রযুক্তিনির্ভর তথ্য ও সেবা দেওয়াই মূল লক্ষ্য। এসব ভবনের ব্যবহারিক সক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া হবে এবং আধুনিক তথ্য কমপ্লেক্সের কার্যকারিতা ও মূল্যকে বৈশ্বিক পর্যায়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।
প্রযুক্তিপণ্যের প্রকৃত মূল্য ব্যবহারের কার্যকারিতার ওপর নির্ভর করে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, একটি কম্পিউটার, স্মার্টফোন কিংবা অন্য কোনো প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে শুধু এর দাম গুরুত্বপূর্ণ নয়। মানুষের দৈনন্দিন কাজে সেটি কতটা কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে, তার ওপরই প্রকৃত মূল্য নির্ভর করে। একইভাবে তথ্য কমপ্লেক্সের সফলতাও নির্ভর করবে এখান থেকে জনগণ কতটা আধুনিক ও কার্যকর সেবা নিতে পারছে তার ওপর।
তথ্য কমপ্লেক্সে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবার পাশাপাশি উন্নতমানের সিনেমা প্রদর্শনের ব্যবস্থাও রাখার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। প্রচলিত সিনেমা হলের তুলনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দর্শকদের উন্নত অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, তথ্য কমপ্লেক্সগুলোতে থ্রিডি, ফোরডিসহ আধুনিক প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।
ভবিষ্যতে জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে এসব সুবিধা ধাপে ধাপে সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এ উদ্যোগের বিস্তৃতি ঘটলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীও আধুনিক তথ্য ও প্রযুক্তিনির্ভর সেবার আরও কাছাকাছি আসার সুযোগ পাবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দার এবং পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বিশেষ অতিথির বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান। এ সময় বরিশাল গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খালেদ হোসাইনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





















