আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত পাবে কি না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় ০৩:২৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 20
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল হবে কি না, সে বিষয়ে পুনঃপরিদর্শনের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতাল কর্তৃপক্ষ ত্রুটি সংশোধনের দাবি জানিয়ে পুনরায় পরিদর্শনের আবেদন করেছে বলেও জানান তিনি।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় শিশুর মৃত্যুর ঘটনার পর সরকার কোনো ব্যবস্থা না নিলে সমালোচনার মুখে পড়তে হতো। এ কারণে ঘটনার পরপরই সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
তিনি বলেন, হাসপাতালের আইসিইউসহ বিভিন্ন অবকাঠামোগত ত্রুটি দূর করার নির্দেশ দেওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেসব ত্রুটি সংশোধনের কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বা চলমান রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ পুনরায় পরিদর্শনের আবেদন করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করবেন। পরিদর্শনে সন্তোষজনক অগ্রগতি পাওয়া গেলে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিষয়ে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আর্থিক সহায়তা দিয়েছে বলে তিনি জেনেছেন। তবে এ ঘটনায় একটি মামলা বিচারাধীন রয়েছে এবং এ বিষয়ে আদালত ও আইন অনুযায়ী সিদ্ধান্ত হবে।
মন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো আদ-দ্বীন হাসপাতালকে কোনো চূড়ান্ত ছাড় দেয়নি। পুনঃপরিদর্শনের ফলাফলের ভিত্তিতেই লাইসেন্স-সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

























