জলাবদ্ধতা দূর ও পানি সংরক্ষণে সরকার বদ্ধপরিকর: সিলেটে প্রধানমন্ত্রী
- আপডেট সময় ০১:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 96
সারাদেশে জলাবদ্ধতা নিরসন এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের লক্ষ্যেই সরকার নদী ও খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, টেকসই উন্নয়ন ও পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া হবে।
শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর।
সুরমা নদীর তীরে ঐতিহাসিক চাঁদনীঘাট এলাকায় আয়োজিত এই সমাবেশে প্রধানমন্ত্রী আরও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি আশ্বাস দেন যে, শিগগিরই সিলেট মেডিকেল কলেজে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে, যা পর্যায়ক্রমে ১ হাজার ২০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট নগরকে বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থেকে রক্ষায় সাড়ে সাত হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সমাবেশে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এছাড়া বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সকাল ১০টায় সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করার মাধ্যমে সফরের আনুষ্ঠানিকতা শুরু করেন তারেক রহমান। সুধী সমাবেশের পর তিনি সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করতে যাবেন।
সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন এবং বিকেল ৫টায় শহরের শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।
উল্লেখ্য, এই সিলেট থেকেই গত ২১ জানুয়ারি আলিয়া মাদরাসা মাঠের জনসভার মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছিলেন তিনি।


























