বঙ্গভবনে রোববার শপথ নিচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি
- আপডেট সময় ০৭:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / 245
বাংলাদেশের নতুন প্রধান বিচারপতির দায়িত্ব নিতে যাচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামীকাল রোববার বঙ্গভবনে আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠানের মাধ্যমে তিনি দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
আইন মন্ত্রণালয় সূত্র জানায়, শপথ গ্রহণের আয়োজন সম্পন্ন করা হয়েছে এবং রোববার বঙ্গভবনেই এ আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এর আগে গত মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম শপথ গ্রহণের সময়সূচি নিশ্চিত করেছিলেন।
সংবিধান অনুযায়ী নির্ধারিত বয়সসীমা পূর্ণ হওয়ায় বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ ২৭ ডিসেম্বর দায়িত্ব থেকে অবসর নিচ্ছেন। এদিন তার বয়স ৬৭ বছরে পূর্ণ হচ্ছে।
নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে ১৯৮৫ সালে তিনি জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
২০০৩ সালের ২৭ আগস্ট তৎকালীন বিএনপি সরকারের সময়ে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। সর্বশেষ ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
























