বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- আপডেট সময় ০৪:৫০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 18
নেপাল ও তিব্বত সীমান্তে আকস্মিক বরফধস ও ভয়াবহ বন্যার ঘটনা শুধু স্থানীয় দুর্যোগ নয়, এটি হিমালয় অঞ্চলের পরিবেশ ও জলবায়ু পরিস্থিতির বড় সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে হিমালয়ের বরফ দ্রুত গলছে। এতে পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে। পাহাড়ে বরফধস বা ঢল শুরু হলে অল্প সময়ের মধ্যেই বিপুল পানি নিচের দিকে নেমে আসতে পারে।
গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকার শেষ প্রান্তে থাকায় উজানের এমন ঢলের প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। ভবিষ্যতে আকস্মিক বন্যা, নদীভাঙন ও অসময়ে পাহাড়ি ঢলের ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
তাদের মতে, এ ধরনের দুর্যোগ মোকাবিলায় শুধু একটি দেশের উদ্যোগ যথেষ্ট নয়। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, চীন ও পাকিস্তানসহ হিমালয়-নির্ভর দেশগুলোর মধ্যে আগাম আবহাওয়া তথ্য ও নদীর গতিপ্রকৃতি নিয়ে নিয়মিত তথ্য আদান-প্রদান জরুরি।
সমন্বিতভাবে আগাম সতর্কবার্তা দিতে পারলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি বহু মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব হতে পারে।
























