রাশিয়ায় পর্বতারোহীদের ওপর ভয়াবহ তুষারধস, নিহত অন্তত ১১
- আপডেট সময় ০৪:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 16
রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়া এলাকায় একদল পর্বতারোহীর ওপর ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। স্থানীয় জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে উত্তর ককেশাসের অন্যতম উঁচু শৃঙ্গ মাউন্ট মিঝিরগি থেকে তুষারধসটি নেমে আসে। এ সময় ৩৩ জনের একটি পর্বতারোহী দল সরাসরি তুষারধসের কবলে পড়ে।
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেদের চেষ্টায় পাহাড় থেকে নিরাপদে নেমে আসতে সক্ষম হয়েছেন। তবে আরও ছয়জনের সন্ধান পাওয়া যায়নি। তারা নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ পর্বতারোহীদের উদ্ধারে ৫০ জনের বেশি জরুরি উদ্ধারকারী কর্মী কাজ করছেন। তবে দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে।
এর পাশাপাশি ওই এলাকায় নতুন করে তুষারধসের আশঙ্কা থাকায় উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।






















