লরাকে হামলার পর জর্ডানে ইরানের পাল্টা হামলা
- আপডেট সময় ০৮:৪৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 27
দক্ষিণ ইরানের লরাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই জর্ডানে থাকা দুটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, কিং হুসেইন ও আল-আজরাক সামরিক ঘাঁটিতে এ হামলা চালানো হয়েছে।
রোববার ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘আগ্রাসীকে শাস্তি’ নামে পরিচালিত যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের অংশ হিসেবে জর্ডানের ওই দুটি ঘাঁটি লক্ষ্য করা হয়।
আইআরজিসির দাবি, হামলায় ঘাঁটি দুটির কারিগরি ও মেরামত অবকাঠামো এবং মার্কিন যুদ্ধবিমান মোতায়েনের স্থানগুলো ধ্বংস হয়েছে। এতে মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে ইরানি বাহিনী।
তবে ইরানের এই দাবির বিপরীতে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সোমবার ভোরে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেয় বলে এক বিবৃতিতে জানানো হয়।
এখন পর্যন্ত জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি দুটিতে কথিত হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে রোববার দক্ষিণ ইরানের লরাক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার পর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল তেহরান। এর কয়েক ঘণ্টার মধ্যেই জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করল আইআরজিসি।
ইরানি বাহিনী এক বিবৃতিতে আরও হুঁশিয়ারি দিয়েছে, ইরানের ওপর আগ্রাসন বা অপরাধ চালিয়ে হরমুজ প্রণালির ওপর দেশটির নিয়ন্ত্রণ দুর্বল করা যাবে না। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে প্রতিটি হামলার জবাব আরও ‘ধ্বংসাত্মক’ভাবে দেওয়া হবে।






















