ইরানের কালো তালিকায় ৪৫ নৌযান
- আপডেট সময় ০১:২২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / 23
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম না মানার অভিযোগে ভারত ও পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযানকে কালো তালিকাভুক্ত করেছে ইরান। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, তালিকায় রয়েছে ভারতভিত্তিক একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন ও পরিচালিত ‘মাহা রুস’ নামের একটি বাল্ক ক্যারিয়ার। জাহাজটির বিরুদ্ধে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় ইরানের নির্ধারিত ‘প্রটোকল’ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
জাহাজগুলোর মালিকানা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত নথি বিশ্লেষণে দেখা গেছে, তালিকায় থাকা কয়েকটি জাহাজ অতীতে ভারতের বিভিন্ন বন্দরে বিশেষ করে জ্বালানি পণ্য পরিবহন করেছে। তবে কালো তালিকাভুক্ত অধিকাংশ জাহাজই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।
এ ছাড়া তালিকায় কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, মাল্টা ও সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজও রয়েছে। পাকিস্তানের পতাকাবাহী ‘মারদান’ নামের একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারও এই তালিকায় রয়েছে।
পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ (পিজিএসএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত ব্যবস্থা লঙ্ঘন করা জাহাজগুলো ভবিষ্যতে জরিমানা, জব্দ বা বাজেয়াপ্তের মতো বিধিনিষেধের মুখে পড়তে পারে।
ইরানি সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, কালো তালিকাভুক্ত কোনো জাহাজের সঙ্গে সহযোগিতা করলে সংশ্লিষ্ট অন্য জাহাজকেও তালিকায় যুক্ত করা হতে পারে।
তালিকা থেকে কোনো জাহাজের নাম প্রত্যাহার করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ উল্লেখ করে পিজিএসএর কাছে আনুষ্ঠানিক আবেদন করতে হবে বলেও জানিয়েছে সংস্থাটি।






















