ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প
- আপডেট সময় ১১:১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 19
ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলের কাছে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার, ১৫ আগস্ট স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এর পরপরই সুনামির আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়।
ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৫ কিলোমিটার। এর উৎপত্তিস্থল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি)।
শক্তিশালী ভূকম্পনের পর সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্কতা জারি করে বিএমকেজি। পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারা প্রদেশে এর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়।
এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পরে পরিস্থিতি পর্যালোচনা করে সুনামি সতর্কতা প্রত্যাহার করে বিএমকেজি।
সংস্থাটি জানায়, ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পকে কেন্দ্র করে জারি করা সুনামি সতর্কতা আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয়েছে।
এদিকে অস্ট্রেলিয়ার সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড, দ্বীপ বা অন্যান্য অঞ্চলে সুনামির কোনো ঝুঁকি নেই।
























