৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক শুরু
- আপডেট সময় ১১:২৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 35
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ২৭টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু হয়েছে ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠক। বৃহস্পতিবার (২৩ জুলাই) ফিলিপাইনের পররাষ্ট্রসচিব মা. তেরেসা পি. লাজারোর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বৈঠকের সূচনা হয়। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা জোরদারে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তানসহ সদস্য রাষ্ট্রসমূহ এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। আসিয়ানের মহাসচিব কাও কিম হর্নও এ বৈঠকে উপস্থিত রয়েছেন।
উদ্বোধনী বক্তব্যে লাজারো উল্লেখ করেন যে, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সংঘাতের বদলে রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত সংলাপ এবং সহযোগিতার জন্য এআরএফ একটি অপরিহার্য প্ল্যাটফর্ম। এবারের ফোরামে প্রধানত সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং জলবায়ু নিরাপত্তার মতো অপ্রথাগত চ্যালেঞ্জগুলোর ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) দীর্ঘ দিন ধরে এই অঞ্চলে নিরাপত্তা ও সহযোগিতার কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা পালন করে আসছে।






















