ইরানের বিভিন্ন অঞ্চলে নতুন করে মার্কিন হামলা, হতাহত ১৩
- আপডেট সময় ১১:১৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 14
ইরানের বিভিন্ন অঞ্চলে নতুন করে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার, ২৩ জুলাই বুশেহর ও খুজেস্তান প্রদেশসহ একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় ও আধা-রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এর মধ্য দিয়ে দেশটিতে মার্কিন সামরিক অভিযান আরও একদিন অব্যাহত থাকল।
ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় সকাল প্রায় ৭টার দিকে বুশেহর অঞ্চলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালায়।
বুশেহরের উপ-গভর্নরের বরাতে ফার্স নিউজ জানিয়েছে, একই দিনে ওই এলাকায় দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা হয়। এর আগে স্থানীয় সময় ভোর ৪টার দিকে প্রথম হামলার ঘটনা ঘটে।
বুশেহরের পর খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠেও যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ। এ তথ্য নিশ্চিত করেছেন খুজেস্তানের উপ-গভর্নর।
এদিকে, ইরাক-ইরান সীমান্তের সালামচেহ সীমান্ত ক্রসিংয়েও মার্কিন হামলার খবর পাওয়া গেছে। সীমান্ত কর্তৃপক্ষের বরাতে জানানো হয়েছে, ওই হামলায় দুজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। হামলার পরও ত্রাণ কার্যক্রম চলমান থাকায় সীমান্ত ক্রসিংটি খোলা রাখা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতির লক্ষ্যে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করেছিল। তবে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে সেই সমঝোতা কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
ফার্স নিউজ ও তাসনিম নিউজের খবরে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র টানা ১২ দিন ধরে ইরানে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, পাল্টা জবাবে তেহরান উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।






















