যুক্তরাষ্ট্র চুক্তি মানলে প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান: পেজেশকিয়ান
- আপডেট সময় ১১:২৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / 18
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি নিজেদের অঙ্গীকার বাস্তবায়ন করে, তাহলে ইরানও তার প্রতিশ্রুতি পূরণ করবে। একই সঙ্গে তিনি বলেন, ইরান যুক্তিনির্ভর নীতিতে বিশ্বাসী হলেও দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে প্রয়োজনে কঠোর অবস্থান নেবে।
মঙ্গলবার, ৩০ জুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। দেশটির বার্তা সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে।
পেজেশকিয়ান বলেন, সমঝোতা কখনোই একতরফা বিষয় নয়। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারকের শর্তগুলো মেনে চলে, তবে ইরানও নিজেদের অঙ্গীকার যথাযথভাবে বাস্তবায়ন করবে।
তিনি আরও বলেন, অযৌক্তিক হুমকি এবং ভিত্তিহীন চাপের মুখেও ইরান যুক্তিবোধ ও মানবিক মর্যাদার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে। তবে প্রয়োজন দেখা দিলে দেশ রক্ষায় দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য এমন সময় এসেছে, যখন সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর ফলে ১৮ জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগে রোববার যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। এ ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
















