সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ আরোহীর মৃত্যু
- আপডেট সময় ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 0
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) দেশটির পূর্বাঞ্চলের শিল্পনগরী রাস তানুরায় এ দুর্ঘটনা ঘটে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, নিহত সবাই সৌদি নাগরিক।
সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, স্থানীয় সময় সকাল ৬টার দিকে আরামকোর মালিকানাধীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ১৪ আরোহীর সবাই প্রাণ হারান।
তবে নিহতরা আরামকোর কোন বিভাগের কর্মী ছিলেন বা হেলিকপ্টারটি কী উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো মন্তব্য করা হবে না বলেও জানানো হয়েছে।
জ্বালানি মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
রাস তানুরা সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। প্রায় চার মাস বিরতির পর সম্প্রতি এখানকার অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম পুনরায় শুরু হয়েছিল। এর মধ্যেই এই হেলিকপ্টার দুর্ঘটনা ঘটল।

























