ভেনেজুয়েলার পর জাপানে শক্তিশালী ভূমিকম্প
- আপডেট সময় ১০:১৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 26
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৫ জুন) ভূমিকম্পটির তথ্য জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের কুজি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে। কম্পনটি ভূপৃষ্ঠের প্রায় ৫১ দশমিক ৭ কিলোমিটার গভীরে অনুভূত হয়।
জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পরপরই পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করা হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
ভূমিকম্পের পর দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা জানিয়েছেন, এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই। পাশাপাশি দেশের পারমাণবিক স্থাপনাগুলোতেও কোনো ধরনের অস্বাভাবিকতা শনাক্ত হয়নি বলে তিনি জানান।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি (জেআর ইস্ট) শিন-আওমোরি ও টোকিওর মধ্যকার বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করে। পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে ট্রেন চলাচল স্বাভাবিক করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর কয়েক ঘণ্টা আগে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ওই দুটি ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫।
ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে ভেনেজুয়েলার ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। তবে এখন পর্যন্ত দেশটির কর্তৃপক্ষের পক্ষ থেকে হতাহতের কোনো চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।






















