যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ ঘোষণা
- আপডেট সময় ০৩:৫১:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 19
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন ২০২৬) ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্ত জানান। পদত্যাগের পাশাপাশি তিনি লেবার পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর কথা নিশ্চিত করেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্টারমার ইতোমধ্যে রাজা তৃতীয় চার্লসকে তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছেন এবং দলীয় নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু করতে লেবার পার্টিকে নির্দেশ দিয়েছেন। তবে নতুন নেতা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে স্টারমার বলেন, তিনি এমন সময়ে লেবার পার্টির দায়িত্ব গ্রহণ করেছিলেন যখন দলটি রাজনৈতিক, আর্থিক ও নৈতিক সংকটে ছিল। তাঁর দাবি অনুযায়ী, সেই পরিস্থিতি থেকে দলকে পুনর্গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বিভিন্ন ক্ষেত্রে আস্থা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, দলের ভেতরে আগামী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠায় তিনি সেই অবস্থানকে সম্মান জানিয়েছেন এবং দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, রাজনৈতিক জীবনের প্রতিটি সিদ্ধান্ত তিনি দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিয়েছেন।
লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটিকে নেতৃত্ব নির্বাচনের সময়সূচি নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান। পরিকল্পনা অনুযায়ী, আগামী ৯ জুলাই থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে এবং গ্রীষ্মকালীন সংসদীয় বিরতির মধ্যেই নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। নতুন নেতা নির্বাচিত হওয়ার পর তিনিই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।
স্টারমার বলেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া যেন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং নতুন নেতৃত্বকে পূর্ণ সমর্থন দেবেন। বক্তব্যের শেষ দিকে তিনি ব্যক্তিগত জীবনের কথাও উল্লেখ করেন এবং পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেন।
বক্তব্য শেষে তিনি স্ত্রী ভিকের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ফিরে যান।

























