মিনা ও মুজদালিফায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস
- আপডেট সময় ১২:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 95
সৌদি আরবের পবিত্র মিনা ও মুজদালিফায় তাপমাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে জানিয়ে হজের মূল স্থানগুলোতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সরকারি তথ্য অনুযায়ী, ইতিমধ্যে মিনা ও মুজদালিফা উভয় অঞ্চলেই পারদ ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে এবং বাতাসে প্রবাহ কম থাকলে দুপুরের দিকে এই তাপমাত্রা সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
শনিবার (২৩ সে) ঢাকায় প্রাপ্ত একটি সরকারি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সৌদি আরবের এই বিশেষ সতর্ক বার্তার কথা জানানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে হজ ব্যবস্থাপনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট বিশ্বের সব সংস্থাকে তাদের নিজস্ব প্রস্তুতির স্তর বৃদ্ধি করার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। একই সাথে আল্লাহর মেহমানদের সুরক্ষার কথা বিবেচনা করে সরাসরি দুপুরের কড়া রোদ এবং তীব্র গরমের সময় বাইরে হাঁটাচলা করা থেকে বিরত রাখতে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর জোর তাগিদ দেওয়া হয়েছে।
সৌদি আরবের হজ প্রশাসন হজযাত্রীদের তীব্র গরম থেকে রক্ষা পেতে রোদে বের হলে বাধ্যতামূলকভাবে ছাতা ব্যবহার করা এবং শরীর সতেজ ও আর্দ্র রাখতে প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণের অনুরোধ করেছে। এছাড়া সংশ্লিষ্ট স্বাস্থ্য ও নিরাপত্তা দপ্তর কর্তৃক সময়ে সময়ে জারিকৃত সকল ধরনের স্বাস্থ্য বার্তা ও পরিচালন নির্দেশনা যথাযথভাবে মেনে চলার বিষয়ে হজযাত্রীদের উদ্বুদ্ধ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে।
এদিকে সৌদি সরকারের এই জরুরি ও গুরুত্বপূর্ণ নোটিশের আলোকে বাংলাদেশি হজযাত্রীদেরও তীব্র গরমে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশি হাজিরা যাতে দুপুরের তীব্র রোদের সময় বাইরে না গিয়ে যথাসম্ভব তাঁবুর ভেতরে অবস্থান করেন, সেই বিষয়েও মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
























