যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না ইরান: পার্লামেন্ট স্পিকার
- আপডেট সময় ০৬:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / 17
ইরান যুদ্ধবিরতির দিকে যাবে কি-না সে বিষয়টি স্পষ্ট করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান হতে পারে- এই ধারণা প্রত্যাখ্যান করেছেন তিনি।
মঙ্গলবার (১০ মার্চ) আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়, এক এক্স পোস্টে গালিবাফ লিখেছেন, ‘আমরা অবশ্যই যুদ্ধবিরতি চাইছি না। আমরা বিশ্বাস করি যে আক্রমণকারীর মুখে ঘুষি মারা উচিত, যাতে সে শিক্ষা নেয় এবং আর কখনও ইরানে আক্রমণ করার কথা না ভাবে।’
গালিবাফ আরও বলেন, ‘যুদ্ধ-আলোচনা-যুদ্ধবিরতি এবং তারপর আবার যুদ্ধ- এই চক্র ভাঙতে চায় তেহরান।’ এই চক্র ইসরায়েল তার আধিপত্য প্রতিষ্ঠার জন্য বারবার ব্যবহার করছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযান খুব শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শুরুর পর গত ১০ দিনের সংঘাতকে তিনি ‘স্বল্পমেয়াদি অভিযান’ হিসেবেও উল্লেখ করেন। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে ইরানের বিরুদ্ধে আরও বড় হামলার হুমকিও দিয়েছেন তিনি।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ফ্লোরিডার ডোরাল শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট গত ১০ দিনের যুদ্ধকে ‘স্বল্পমেয়াদি অভিযান’ বলে উল্লেখ করেন। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।






















