সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার
- আপডেট সময় ০৬:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / 125
বলিউড নির্মাতা রোহিত শেঠির মুম্বাইয়ের বাসভবনে গুলিবর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় দুই মাস পর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উত্তরপ্রদেশের আগ্রা থেকে প্রদীপ কুমার নামে এক অভিযুক্তকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান নিশ্চিত হওয়ার পর উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (এস টি এফ) এবং মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা যৌথ অভিযান চালায়। আগ্রার বাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গুলিকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা হলেন—আদিত্য জ্ঞানেশ্বর গায়কি, আনন্দ মারোতে, সিদ্ধার্থ দীপক যেনপুরে, সমর্থ শিবশরণ পোমাজি ও স্বপ্নীল সকত।
তদন্তে জানা গেছে, অভিযুক্ত শুভম লোঙ্কারের নির্দেশে হামলার পরিকল্পনা করা হয়। তিনি ফোনের মাধ্যমে হামলাকারীদের নির্দেশনা দিচ্ছিলেন। একটি স্কুটারে করে অভিযুক্তরা রোহিত শেঠির বাড়ির সামনে গিয়ে গুলি চালায়।
পুলিশ আরও জানিয়েছে, হামলার আগে তারা অন্য একটি স্থানে জড়ো হয়েছিল। এ ঘটনায় কুখ্যাত লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সম্পৃক্ততার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, ঘটনার পরও রোহিত শেঠি তার নতুন সিনেমা ‘গোলমাল ৫’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

























