নোয়াখালীতে ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ
- আপডেট সময় ০৩:১৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 20
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচের রেফারিং নিয়ে পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে ফিফা সভাপতি, ম্যাচ রেফারিসহ ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক তরুণ। একই সঙ্গে তিনি পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে বিষয়টি স্থানীয় থানার আইনগত এখতিয়ারের বাইরে উল্লেখ করে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেনি পুলিশ।
অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালী সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার (৮ জুলাই) রাতে তিনি সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ জমা দেন।
লিখিত অভিযোগে রাকিব উল্লেখ করেন, মঙ্গলবার রাতে স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপ ম্যাচটি দেখার সময় তার কাছে মনে হয়েছে, ম্যাচ পরিচালনায় রেফারি একটি দলকে সুবিধা দিয়েছেন। এর ফলে তার সমর্থিত দল মিসর পরাজিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচের ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং সংশ্লিষ্ট আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, অন্যায্য পেনাল্টি প্রদান, বৈধ গোল বাতিল এবং মিসরের খেলোয়াড় ও কোচিং স্টাফের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্তের মাধ্যমে ম্যাচের ফল প্রভাবিত করা হয়েছে। এতে তিনি ও মিসরের সমর্থকেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করে ফিফার কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই তরুণ থানায় লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তবে আন্তর্জাতিক ক্রীড়া সংক্রান্ত এ ধরনের বিষয়ে স্থানীয় থানার কোনো আইনগত এখতিয়ার না থাকায় অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। বিষয়টি তাকে বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাকিব বলেন, ম্যাচটি দেখার পর তিনি এবং তার সঙ্গে থাকা অন্য সমর্থকেরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার দাবি, ঘটনার বিচার হওয়া উচিত। পুলিশ অভিযোগ গ্রহণ না করায় তিনি একই অভিযোগ নিয়ে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রয়োজনে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচি পালনের কথাও জানান তিনি।






















