গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- আপডেট সময় ১১:৩৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 80
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট কাঠামো বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রবিবার (৩ মে) সকালে রাজধানীর অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে আয়োজিত এক র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর। নির্বাচনের আগে সাংবাদিকতার অবাধ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতে যে কাঠামোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনায় তথ্য মন্ত্রণালয় এখন তা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, সরকার কেবল কাগজে-কলমে নয়, বরং চিন্তাচেতনা ও মননে গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে চায়।
এ বছর প্রথমবারের মতো বিভিন্ন অংশীজনদের সঙ্গে নিয়ে রাষ্ট্রীয়ভাবে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ আয়োজন করার বিষয়ে আলোকপাত করেন মন্ত্রী। উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সফল করার জন্য তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বিশ্বাস করেন, সরকার ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় দেশে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সাংবাদিকতার পরিবেশ তৈরি হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে র্যালিটি অফিসার্স ক্লাব থেকে শুরু হয়ে তথ্য ভবন অভিমুখে যাত্রা করে। র্যালিতে তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সাংবাদিকরা যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়া পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ তৈরিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জানানো হয়।
























