মাজার জিয়ারত শেষে সমাবেশে প্রধানমন্ত্রী
- আপডেট সময় ১২:১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 53
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে এসে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১০টা ৩০ মিনিটে তিনি মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন এবং জিয়ারত শেষে ১০টা ৫০ মিনিটে সেখান থেকে বেরিয়ে যান। আধ্যাত্মিক নেতার মাজার জিয়ারতের মাধ্যমেই তিনি সিলেটে তার দিনব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচির সূচনা করেন।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেই সময় সিলেটে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা থেকে রওনা হওয়ার আগে তিনি সকাল ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকেই সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন।
মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর তীরের চাঁদনীঘাট এলাকায় যান। সেখানে সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে অংশগ্রহণ করেন তিনি।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তার।
বিকেলের কর্মসূচিতে প্রধানমন্ত্রী বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন।
এরপর বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় পুনরায় ইউএস-বাংলা এয়ারলাইন্সেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের এই প্রথম সফরকে কেন্দ্র করে সিলেটের বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সফর ঘিরে পুরো নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং রাস্তাঘাটের সৌন্দর্যবর্ধন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ২১ জানুয়ারি সিলেট সফরে এসে আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন তিনি।





















