দুর্নীতি বন্ধে আগে নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী
- আপডেট সময় ০৫:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 9
দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দুর্নীতি প্রতিরোধের প্রথম শর্ত হলো রাজনৈতিক নেতৃত্ব ও নেতাদের নিজেদের দুর্নীতিমুক্ত করা। তা না হলে দুর্নীতি বন্ধের উদ্যোগ ব্যর্থ হবে।
বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় শিক্ষকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সামলানো শিক্ষকদের জন্য কঠিন হয়ে উঠছে। দিন দিন এ চ্যালেঞ্জ আরও বাড়ছে। এই প্রজন্মের অনেকে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। তাদের মাদক থেকে দূরে রাখতে হবে এবং শিক্ষার্থীদের নিয়ে নতুন করে ভাবতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
নিয়োগের ক্ষেত্রে অর্থ লেনদেনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, নিয়োগে টাকা-পয়সার লেনদেন হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নিয়েও বক্তব্য দেন মো. আসাদুজ্জামান। তিনি বলেন, স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়ে অনেকেই প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করছেন, যা সহ্য করা হবে না। একইভাবে কোনো প্রধান শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটে জড়ালে সেটিও সহনীয় হবে না।
মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

























