সাবেক স্ত্রীর বিয়ে পড়ালেন স্পাইডার-ম্যান’খ্যাত টোবি
- আপডেট সময় ০৭:৩৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 36
সাবেক স্ত্রী জেনিফার মেয়ারের নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়িয়েছেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’খ্যাত এই অভিনেতা শুধু সাবেক স্ত্রীর বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন না, বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনার দায়িত্বও পালন করেছেন। নবদম্পতির চুম্বনের মুহূর্তেও তাকে পাশে দেখা গেছে। এ ঘটনা ঘিরে হলিউড ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ‘ফোর সিজনস রিসোর্ট লানাই’-এ জেনিফার মেয়ার ও ব্যবসায়ী জিওফ্রি ওগুনলেসির বিয়ের আয়োজন করা হয়। জিওফ্রি হলেন নাইজেরীয় ধনকুবের, আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে।
জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে হলিউডের একাধিক পরিচিত তারকা উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় ছিলেন র্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোসও অনুষ্ঠানে যোগ দেন।
টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেন। ২০১৬ সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন এবং ২০২০ সালে আইনি বিচ্ছেদের আবেদন করেন। তাদের দুটি সন্তান রয়েছে।
বিচ্ছেদের কয়েক বছর পর সাবেক স্ত্রীর বিয়েতে টোবি ম্যাগুয়ারের এমন উপস্থিতি এবং বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনার দায়িত্ব পালন নতুন করে কৌতূহল তৈরি করেছে। বিশেষ করে নবদম্পতির চুম্বনের মুহূর্তে তার উপস্থিতির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

























