অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন
- আপডেট সময় ০১:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 40
বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার লুবানা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান স্টার নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সনি রহমান জানান, রোববার রাত ১১টার দিকে নাসিমা খানের মরদেহ গোসল করানো হয়। এরপর মরদেহ রাখা হয়েছে এক আত্মীয়ের বাসায়। তার এক ছেলে নিখোঁজ রয়েছেন এবং অন্য ছেলে বিদেশে আছেন। বিদেশে থাকা ছেলে দেশে ফিরলে নাসিমা খানের দাফন সম্পন্ন করা হবে।
নাসিমা খান বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের একজন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য ছিলেন।
১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। পরে ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে ব্যাপক পরিচিতি পান তিনি।
নাসিমা খানের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’, ‘আপন দুলাল’, ‘উলঝন’, ‘ম্যায় ভি ইনসান হু’, ‘দুই ভাই’, ‘গৌরী’, ‘আমার বৌ’ ও ‘ঢেউয়ের পরে ঢেউ’।

























