মোহাম্মদপুরে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- আপডেট সময় ০৫:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 28
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় বাসার ছাদ থেকে পড়ে নুসরাত আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে তিনতলা ভবনের ছাদে খেলতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় সে।
পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুসরাতের বাবা মোহাম্মদ সজিব জানান, শনিবার দুপুর ১টার দিকে চাঁদ উদ্যান এলাকার বাসার তৃতীয় তলার ছাদে খেলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় তার মেয়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সজিব আরও জানান, নুসরাত মোহাম্মদপুরের হামিম মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তিন মেয়ের মধ্যে সে ছিল সবার ছোট।
তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার দেওড়া গ্রামে। বর্তমানে পরিবারটি মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার ৩ নম্বর রোডের একটি বাসায় বসবাস করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে নুসরাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।


























