সব গুঞ্জন-প্রশ্নের জবাব দিলেন তানিয়া বৃষ্টি, তবে কি ফিরছেন পর্দায়?
- আপডেট সময় ১০:৩৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 15
দীর্ঘ ৯ মাসের কঠিন লড়াই শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের বর্তমান শারীরিক অবস্থা ও অনুভূতির কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে অস্ত্রোপচার ও কেমোথেরাপির জটিল চিকিৎসা চলার পর অবশেষে সরাসরি তাদের মুখোমুখি হলেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। সে মাসেই প্রথম অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাই যান তিনি এবং সেখানে আরও দুটি সার্জারি করাতে হয়। দীর্ঘদিন স্বাভাবিক কথা বলা বন্ধ থাকলেও চিকিৎসা শেষে বাসায় ফিরে ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন এই অভিনেত্রী।
আজ শনিবার ফেসবুকে লাইভে এসে শুরুতেই তানিয়া বলেন, ‘আমি ভালো আছি। আপনারা কেমন আছেন?’ অসুস্থতার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, শরীরের মূল সমস্যা পুরোপুরি শেষ না হলেও তিনি আগের চেয়ে বেশ ভালো আছেন। দুইবার সার্জারির পর তার ওজন কিছুটা বৃদ্ধি পেয়েছে, যা চিকিৎসার এই পর্যায়ে সম্পূর্ণ স্বাভাবিক বলে তিনি ব্যাখ্যা দেন।
লাইভ চলাকালে ভক্তরা তার বর্তমান শারীরিক অবস্থা, বৈবাহিক পরিকল্পনা ও অভিনয়ে ফেরার সম্ভাবনাসহ নানা বিষয় নিয়ে জানতে চান। তানিয়া জানান, তার ছয় মাসের কেমোথেরাপির প্রক্রিয়ার মধ্যে ইতোমধ্যেই তিন মাস পার হয়েছে। পুনরায় অভিনয়ে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অবশ্যই কাজে ফিরতে চাই। আপনারা বললেই ফিরব। চলতি মাস থেকেই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে এবং সে অনুযায়ী কথাবার্তাও এগোচ্ছে।’
নিজের কঠিন দিনগুলোর কথা স্মরণ করে তিনি আরও বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে ছিল যে তার হয়তো কখনোই আর ফেরা হতো না, তবে সকলের দোয়ায় তিনি এখন অনেকটাই ভালো আছেন। তিনি বলেন, ‘অনেকেই আছেন যারা সবসময় আমার পাশে থেকেছেন, সম্মান জানিয়েছেন এবং অভিনয়ে ফেরার জন্য উৎসাহিত করেছেন। আমি অভিনয় ভালোবাসি এবং দর্শক চান বলেই কাজ চালিয়ে যাব।’
চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকা তানিয়ার পুরো সময়টি এখন কাটছে তার ছয়টি প্রিয় পোষা বিড়ালের সাথে। যেখানেই যান, তাদের সাথেই সময় কাটান তিনি। দীর্ঘ ৯ মাস ধরে ভক্তদের নিরবচ্ছিন্ন সাপোর্ট ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে পরিশেষে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
























