তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
- আপডেট সময় ০৯:৪৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 65
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনুচ্ছেদ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি। বিষয়টি জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিশেষ কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভবিষ্যতে কোনো সংসদ যেন এসব বিধান পরিবর্তন করতে না পারে, সে জন্য গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদনের ব্যবস্থা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
সভায় বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, সাংবাদিক ফোরামের প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিকরা অংশ নেন। তারা সংবিধানের প্রস্তাবনা, বিভিন্ন অনুচ্ছেদ ও তফসিল নিয়ে মতামত দেন। তাদের লিখিত প্রস্তাবও দিতে বলা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলকে বারবার আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা কমিটিতে যোগ দিলে তাদের প্রস্তাবও গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে। গ্রহণযোগ্য প্রস্তাবগুলো সবার মতামতের ভিত্তিতে নেওয়া হবে।
তিনি বলেন, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি আলোচনায় আসা অন্যান্য বিষয়ও ঐকমত্যের ভিত্তিতে গ্রহণের চেষ্টা থাকবে।
গণভোটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে একমত হওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো সংসদ এই ব্যবস্থা পরিবর্তন করতে চাইলে যেন জনগণের অনুমোদন নিতে হয়, সে জন্য বিদ্যমান গণভোটের বিধানের সঙ্গে আরও দুটি অনুচ্ছেদ যুক্ত করার প্রস্তাব বিএনপির পক্ষ থেকে এসেছে।
তিনি জানান, সংসদে সংবিধান সংশোধনী বিল পাস হওয়ার পর যেসব অনুচ্ছেদের জন্য গণভোট প্রয়োজন হবে, রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে সেসব বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।
বিশেষ কমিটির প্রতিবেদন ডিসেম্বরের মধ্যে সংসদে দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এরপর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সংশোধনী বিল আনা হবে। আশা করা হচ্ছে, জানুয়ারির প্রথম সংসদ অধিবেশনে বিলটি উপস্থাপন করা হতে পারে।
























