গাজায় ইস্যুতে নীরব থাকবে না ব্রিটেন: বার্নহাম
- আপডেট সময় ০৩:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 31
গাজা ও অধিকৃত পশ্চিম তীরে মানবিক দুর্ভোগ বাড়তে থাকা এবং দ্বি-রাষ্ট্র সমাধান হুমকির মুখে পড়ায় যুক্তরাজ্য কোনোভাবেই নিষ্ক্রিয় থাকবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
বার্নহাম বলেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোর ওপর সম্প্রতি যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা থেকে স্পষ্ট যে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এসব দখলদারিত্ব বেআইনি।
৭ অক্টোবরের হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই ঘটনা কোনোভাবেই গাজা কিংবা পশ্চিম তীরে ইসরায়েল সরকারের কর্মকাণ্ডকে ন্যায্যতা দেয় না। এসব কর্মকাণ্ডে অসংখ্য শিশুসহ বহু মানুষ প্রাণ হারিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, দ্বি-রাষ্ট্র সমাধান নষ্ট হওয়ার মুখে থাকলেও বিশ্বনেতাদের নীরব থাকা উচিত নয়। এ পরিস্থিতিতে নির্ধারিত রূপরেখা অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। তা না হলে বিশ্বজুড়ে বিশ্বাস ও আস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেন বার্নহাম।
প্রযুক্তি ও প্রতিরক্ষার প্রসঙ্গে তিনি জানান, গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো সুরক্ষায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি প্রতিরক্ষা জোট গঠন করা হচ্ছে। প্রযুক্তিনির্ভর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যেন অনিশ্চয়তার ওপর নির্ভর না করে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
রাশিয়া থেকে আসা নিরাপত্তা হুমকির কথাও উল্লেখ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাজ্য অপ্রয়োজনীয় উসকানিমূলক বক্তব্য এড়িয়ে নিজেদের সামরিক সক্ষমতা ও প্রতিরোধ ব্যবস্থা জোরদার করে যাবে। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে প্রস্তুত থাকার কথাও জানান তিনি।























