মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ
- আপডেট সময় ০১:৫৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 32
বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। সোমবার (৩১ আগস্ট) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দুই দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি, যৌথ সামরিক প্রশিক্ষণ, বিশেষায়িত কোর্স ও প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় নিয়মিত যৌথ সামরিক প্রশিক্ষণ আয়োজন এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সামরিক সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন তারা।
এ সময় আধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তর, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সামরিক সরঞ্জাম ও রসদ সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে যৌথ অংশীদারত্বের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন প্রতিরক্ষা উপদেষ্টা। তিনি বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হচ্ছে। প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা জোরদারের মাধ্যমে ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন মালয়েশিয়ার হাইকমিশনার। বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগ, শৃঙ্খলা ও পেশাদারিত্ব আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত বলেও উল্লেখ করেন তিনি।





















